রাজশাহী ব্যুরো
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে জনগণের শক্তির মাধ্যমে বাধ্য করা হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ঋণ পরিশোধের একমাত্র পথ হচ্ছে তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং গণঅভ্যুত্থানের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়ন করা।
গতকাল বুধবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গণসমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে ১১ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী এমপি’র সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন ম-লের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল খালেক, জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, মহানগরের ব্যবসা ও কল্যাণ সম্পাদক ও আইবিএফ এর সভাপতি একেএম সরওয়ার জাহান প্রিন্স, ত্রাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে আমরা যদি ব্যর্থ হই, তাহলে জুলাইয়ের শহীদদের কাছে আমরা দায়ী হয়ে যাব। তাদের পরিবারের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেব না। জুলাইয়ের আকাক্সক্ষা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে এবং গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। তিনি আরো বলেন, গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি। এ সময় এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
গোদাগাড়ীতে মিছিল-সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। সমাবেশে আরো বক্তব্য রাখেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জুলাই যোদ্ধা মাহফুজুর রহমান, গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, এলডিপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুজ্জামান, জামায়াতের রাজশাহী জেলার কর্মপরিষদ সদস্য মো. বিলাল উদ্দীন প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা আমীর মাস্টার নুমায়ুন আলী। সঞ্চালনা করেন গোদাগাড়ী পৌর সেক্রেটারি শওকত আলী এবং এনসিপির আব্দুল আলীম। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রাষ্ট্রের সর্বস্তরে নিয়োগে দলীয় বিবেচনার পরিবর্তে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাংবিধানিক মর্যাদা রক্ষা করতে হবে এবং সরকারি উন্নয়ন কর্মকা-ে নির্বাচিত জনপ্রতিনিধিদের যথাযথ সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব। এজন্য জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, গণতন্ত্র সুসংহতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।