দেশের ছয় জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

এর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে। সেখানে চার উপজেলায় পাঁচজন মারা যান। তাদের অধিকাংশই শনিবার দুপুরে হাওরে ধান কাটার সময় প্রাণ হারান। এ ছাড়া ময়মনসিংহ ও রংপুরে দুজন করে এবং নেত্রকোণা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে একজন করে নিহত হয়েছেন।