ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

হরমোজগান প্রদেশের সিরিক, মিনাব ও কেশম দ্বীপ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের নিক্ষেপ করা প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, স্থানীয় কর্মকর্তারা সিরিক, মিনাব ও কেশমে বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন। তাদের ধারণা, শব্দগুলো সমুদ্রের দিক থেকেই এসেছে। এর আগে বুধবারও হরমুজ প্রণালি সংলগ্ন জাস্ক এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইআরএনএ জানায়, বিস্ফোরণের আগে জলপথে কয়েক দফা গুলির শব্দও শোনা গিয়েছিল।

কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের ঘটনা সমুদ্রে নাকি দ্বীপের ভেতরে ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সর্বশেষ ঘটনাগুলোতে সিরিক আবারও আলোচনায় এসেছে। এর আগে সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ ইরানে মার্কিন সামরিক অভিযানের সময়ও এলাকাটি হামলার শিকার হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ওই অভিযানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌসম্পদ, মাইন পাতা ও যোগাযোগ ব্যবস্থা ছিল। ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সময় সিরিক, বান্দার আব্বাস, আহভাজ ও আগাজরিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ বিস্ফোরণগুলোর ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।