মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পরিবার পরিকল্পনা বিভাগের প্রসিডিউর (ওটি) কক্ষে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা বিভাগের ওই কক্ষে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন সেবা, কপার-টি, লাইগেশনসহ নানা ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়। ঘটনার সময় কক্ষের ভেতরে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে স্ট্যাবিলাইজার মেশিনে কাজ চলছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের সংযোগ পাইপে লিকেজ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন কক্ষের দরজা পর্যন্ত ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসাধীন রোগী, সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনসহ কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপদ স্থানে বের হয়ে আসেন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে তাদের পৌঁছানোর আগেই হাসপাতালের লোকজন ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।