গতকাল শনিবার (১৫ আগস্ট) মগবাজার আলফালাহ মিলনায়তনে কল্যাণ প্রকাশনীর উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান লিখিত চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইগুলোর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আ.ন.ম শামসুল ইসলাম।

কল্যাণ প্রকাশনীর প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন, গোলাম রব্বানী, কবির আহমদ ও মুজিবুর রহমান ভূঁইয়া। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমসহ কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে মোড়ক উন্মোচিত চারটি বই হলো—‘শ্রমিক কর্মীদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য’, ‘শ্রমিক ময়দানে দাওয়াতের কর্মপন্থা’, ‘প্রত্যাশিত ট্রেড ইউনিয়ন আন্দোলন’ এবং ‘ট্রেড ইউনিয়ন কী ও কেন?’

বইগুলোতে শ্রমিক সংগঠনের কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক গুণাবলি, শ্রমিকদের মাঝে দাওয়াতি কার্যক্রমের পদ্ধতি, প্রত্যাশিত ট্রেড ইউনিয়ন আন্দোলনের রূপরেখা এবং ট্রেড ইউনিয়নের প্রয়োজনীয়তা ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।