গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৮) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল (২৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মহাসড়কে বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে সড়কের দুই পাশে দুটি মোটরসাইকেল ছিটকে পড়ে থাকতে দেখা যায়। পাশেই গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন দুই মোটরসাইকেল আরোহী।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।
পরে অ্যাম্বুলেন্সে বগুড়ায় নেওয়ার পর শজিমেক হাসপাতালের চিকিৎসক লিমন ও রুবেলকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ায় পাঠানো হলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।