ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি মুরগিবাহী পিকআপ ভ্যান উল্টে হেলপার মো. ইমরান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি নলছিটি ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগিবাহী পিকআপটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। খেজুরতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি উল্টে যায়। দুর্ঘটনায় গাড়ির হেলপার মো. ইমরান ঘটনাস্থলেই মারা যান।

নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা উপজেলার মৃত মমিন উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধারে সহযোগিতা করেন। পরে নলছিটি থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধারের ব্যবস্থা করে। হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিকআপটির নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।