নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জেলে আহত হয়েছেন। আহতদের কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা।

বুধবার ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে।

আহত তিনজন হলেন একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিনানাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোররাতে রতন দাসসহ চার জেলে একটি নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস গুরুতরভাবে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় জয়সেন, হৃদয় ও দিনানাথ আহত হন।

বজ্রপাতের তীব্র শব্দ ও অভিঘাতে আহত তিনজনের কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

হাওরাঞ্চলে বর্ষাকালে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ভোর বা রাতে নৌকায় মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য আকস্মিক বজ্রপাত বড় ধরনের বিপদ তৈরি করে। আবহাওয়ায় বজ্রপাতের পূর্বাভাস থাকলে খোলা হাওর বা জলাশয়ে নৌকায় অবস্থান না করা এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।