সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল বাস খাদে পড়ে শিউলী রানি (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী রানি জেলার দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে সিলেট থেকে একটি লোকাল বাস সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের জানালার কাচ ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত অন্তত ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে বাসের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই শিউলী রানি মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।

আহতদের মধ্যে কয়েকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এদিকে একই দিন সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার ডাবর এলাকায় বাসের চাপায় উজ্জ্বল হোসেন নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।