গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে সাড়ে পাঁচ বছর বয়সী শিশু বায়েজিদ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চরবাঘুয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে শিশুটির লাশ ভেসে ওঠে।
নিহত বায়েজিদ চরবাঘুয়া গ্রামের মিজান মিয়ার ছেলে।

নিহত বায়েজিদ
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বাড়ি থেকে খেলতে বের হওয়ার পর বায়েজিদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা দুপুর ১টার দিকে চরবাঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকে সর্বশেষ খেলতে দেখেছিলেন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নিহতের চাচা মাহফুজুর রহমান জানান, শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পূর্বদিকে ব্রহ্মপুত্র নদে স্থানীয়রা একটি শিশুর লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি বায়েজিদের বলে শনাক্ত করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, শিশুটির নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে বা সাঁতার কাটতে গিয়ে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দও এ বিষয়ে সুপারিশ করেছেন। আবেদনটি বিধি অনুযায়ী যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বায়েজিদ নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। দুই দিন পর নদী থেকে তার লাশ উদ্ধারের ঘটনায় চরবাঘুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।