ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইব্রাহিম শেখ ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের বাসিন্দা মুক্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়ারী গ্রামের একটি মাঠে আব্দুর রহমানের সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। স্থানীয়দের ধারণা, ওই সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পাশের একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় আব্দুর রহমান জানান, সকালে তার ভাতিজি মাঠে তাল কুড়াতে গিয়ে ধানখেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে।
তিনি বলেন, ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার পেঁচানো ছিল। তার কোমরে একটি কাটিং প্লাসও গোঁজা অবস্থায় পাওয়া যায়। এসব দেখে ধারণা করা হচ্ছে, সেচপাম্পের মোটর বা বিদ্যুতের তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানখেত থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের তার কাটতে গিয়ে ইব্রাহিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।