চট্টগ্রামের মিরসরাইয়ে লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার জাতীয় অর্থনৈতিক অঞ্চল এলাকার বড়তাকিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুই বন্ধু বারইয়ারহাট বাজারে যান নতুন মোটরসাইকেল কিনতে। মোটরসাইকেল কেনার পর সেটিতে করে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। রাত ১০টার দিকে বড়তাকিয়া বাজার এলাকায় মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল গেটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তালাত মাহমুদ শুভ নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল ওমরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত দুজনই আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
শুভর ভাই ইমাম হোসেন বলেন, শুভ ও ওমর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। শুক্রবার তারা দুজন মিলে নতুন মোটরসাইকেল কিনতে বারইয়ারহাটে যায়। মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।