আফ্রিকার দেশ ক্যামেরুনে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান (ইন্না লিল্লাহি ওয়াইন্না এলাইহি রাজেউন)। গতকাল শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর। গতকাল শুক্রবার সরকারের ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির এপিডেমিওলজিস্ট মুশফিকুর রহমান বিটু বাণিজ্য সচিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত ক্যামেরুনে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন মাহবুবুর রহমান।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ এপ্রিল রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়।
মাহবুবুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো, যা পূরণ করা কঠিন।