মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের ভিসা নবায়ন ও মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। গত বৃহস্পতিবার মানামার বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন বাংলাদেশে অবস্থানকালীন কিছু কর্মী বিমান চলাচল বন্ধ থাকা ও অনলাইন সিস্টেম ডাউন থাকায় ভিসা নবায়ন করতে পারেননি এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। যারা এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন তাদের উপযুক্ত প্রমাণসহ দূতাবাসের ই-মেইলে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, যাদের ভিসা যুদ্ধের আগে বা যুদ্ধ চলাকালীন সময়ে বা পরে কোনো কারণে স্পন্সর কর্তৃক বাতিল হয়েছে অথবা সিআর-এর ওপর আইনগত জটিলতার কারণে বাতিল হয়েছে, তারা এই বিশেষ বিবেচনার অন্তর্ভুক্ত হবেন না। প্রবাসীদের পাসপোর্ট কপি, ভিসা কপি, সিপিআর কপি, সিআর কপি (যদি এলএমআরএ-এর অধীন না হয়), বিমান টিকিটের কপি ও মোবাইল নম্বর (বাংলাদেশ/বাহরাইন) পাঠাতে অনুরোধ করা হয়েছে।