আগামীকাল সোমবার (২৫ মে) থেকে মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা ভাড়ায় ২৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন।
রবিবার (২৪ মে) ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবীণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই করে একক যাত্রার টিকিটে এই বিশেষ ছাড় দেওয়া হবে। একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া ‘সুবর্ণ পরিচয়পত্র’ প্রদর্শন করলে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একই সুবিধা পাবেন।
ডিএমটিসিএল জানিয়েছে, রাজধানীর গণপরিবহনকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যেই ভাড়ায় ছাড় কার্যকর করা হচ্ছে।
এ সুবিধা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।