জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (ইন্টারন্যাশনাল আইডিয়া)-এর একটি প্রতিনিধিদল। গতকাল সোমবার বৈঠকটি বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং (খববহধ জরশশরষধ ঞধসধহম)। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া (ঝঁসরঃ ইরংধৎুধ)।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা, ‘জুলাই চার্টার’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সফররত দল বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদার করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। আমীরে জামায়াত তার বক্তব্যে গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের ভূমিকা উল্লেখ করেন এবং একইসাথে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের দৃঢ় অবস্থান পুনর্ব্যাক্ত করেন।
এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।