ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলীতে আহত বাংলাদেশী যুবক আসাদুল হক (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল রোববার বিকেলে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ শোক ও প্রতিবাদ জানান। তিনি নিহতের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং আহত দুই বাংলাদেশীর দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, পীরগঞ্জ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলীতে আসাদুল হক আহত হওয়ার পর ভারতীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সীমান্তবর্তী মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সীমান্তে অন্য দেশের নাগরিককে গুলী করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিককে গুলী করে হত্যা মানবাধিকার ও আন্তর্জাতিক রীতি-নীতির পরিপন্থী।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা, ন্যায়বিচার ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। সীমান্তে বারবার প্রাণহানি দুই দেশের জনগণের প্রত্যাশিত সুসম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করে মানবিক ও শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

জামায়াতের এই নেতা বাংলাদেশ সরকারের প্রতি ঘটনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক ও জোরালো প্রতিবাদ জানানোর আহ্বান জানান। একই সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, সীমান্তে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।