পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

​রাজধানীর বিভিন্ন পয়েন্টে আয়োজিত এই মাংস বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মুজিবুর রহমান।

গোশত বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, "ঈদের আনন্দ তখনই সার্থক হয় যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের দিন আনন্দের অংশীদার হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদেরও এভাবে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গোশত বিতরণে অংশ নেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য আব্দুর রহমান ও ফজলুর রহমান মিরাজ।

​এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী মোজাম্মেল হোসেন এবং আবু সালেহ। অনুষ্ঠানটি সফল করতে সংগঠনের একঝাঁক উদ্যমী স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করেন।