রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে এ জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (৩১ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান চালায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে তারা এ জরিমানা করেন।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে পরিদর্শন করার পর কিছু অনিয়ম ধরা পড়ে। এর ফলে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা, অর্থাৎ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে।’
তিনি জানান, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে মিটার পাওয়া যায়নি। শুধু চেম্বারগুলোতে মিটার ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, হাসপাতালের কিছু জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ করা গেছে। একটি জায়গায় বিস্কুট বা খাবার জাতীয় পণ্যের লেবেলিং খারাপ ছিল এবং জায়গাটি নোংরা ছিল।