শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হলো তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। গতকাল শনিবার ‘আপসহীন’ নেত্রী খ্যাত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া আলোচনাসভাসহ নানা কর্মসূচী পালিত হয়। গত ৩০ ডিসেম্বর মৃত্যুর পর এটি খালেদা জিয়ার প্রথম কোনো জন্মবার্ষিকী উদযাপন।

গতকাল শনিবার সকাল থেকেই ঢাকাসহ দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা পর্যায়ে দলীয় কার্যালয় এবং স্থানীয় মসজিদগুলোতে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়াও করা হয়।

এ ছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠন পৃথকভাবে রক্তদান কর্মসূচি, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং স্মরণসভা আয়োজন করে।