শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মাধ্যমে ঢাকা নগরীতে রক্তাক্ত ও কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল শনিবার বিকেলে রাজধানী ডিআরইউ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী, হুফফজুল কুরআন বাংলাদেশের চেয়ারম্যান শাইখ হাফেজ আব্দুল হক, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়া, খালিদ সাইফুল্লাহ বখসি, এএসএম কামাল উদ্দিন ও মাওলানা মাওলানা এমদাদুল্লাহ প্রমূখ।
সাংবাদিক সম্মেলনে সেলিম উদ্দিন বলেন, বিচারহীনতার সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অভাবেই দেশে অপরাধ প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সমাজ, রাষ্ট্র ও পারিবারিক জীবনে নেমে এসেছে নানাবিধ অস্থিরতা। একই সাথে বেড়েছে গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। এমতাবস্থায় দেশ ও জাতি এক গভীর শঙ্কটে নিমজ্জিত হয়েছে। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য ন্যায়-ইনসাফ ও তাক্বওয়াভিত্তিক সমাজ গঠনের কোন বিকল্প নেই। তিনি সে স্বপ্নে সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে মহানগরী আমীর সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’ আয়োজনের ঘোষণা দেন। তিনি বলেন, দেশে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে অপসংস্কৃতি ছড়িয়ে দেয়া হয়। কিন্তু চরিত্র গঠনে তেমন উদ্যোগ দেখা যায় না। ঢাকা মসজিদের শহর ও চারশো বছরের ঐতিহ্যবাহী নগরী হলেও বর্তমানে ঢাকা অপরাধীদের আস্তানায় পরিণত হচ্ছে। অপসংস্কৃতি ও অপরাধ বন্ধে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ীদের জন্য হজ¦ পালনের সুযোগসহ মোট ৩০ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।