কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর পরিচালক নিযুক্ত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পরানধর গ্রামের কৃতী সন্তান, অস্ট্রিয়ার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সেলর এবং কূটনীতিক তানভীর আহমেদ তরফদার।

পরানধর গ্রামের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাবেক কর্মকর্তা মরহুম মোদারিছ আহমেদ তরফদারের ছেলে ও মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের ভ্রাতষ্পুত্র তানভীর আহমদ তরফদার তাঁর পিতার কর্মস্থল জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের কাজলশাহস্থ রাধারাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে সিলেট ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের Kings College London থেকে Conflict, Security & Development বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

তানভীর আহমেদ তরফদার একাডেমিক শিক্ষা জীবন সমাপ্ত করে ঢাকা ব্যাংক কর্মকর্তা হিসাবে কর্মজীবন শুরু করেন, পরবর্তীতে লিডিং ইউনির্ভাসিটির প্রভাষক নিয়ুক্ত হয়ে বিসিএস উত্তীর্ণ হন। ২০১৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে (বিসিএস) যোগদান করেন। তিনি অস্ট্রিয়া দূতাবাস ও স্থায়ী মিশনে যোগদানের পূর্বে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন।