জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘সামষ্টিক ভোজ ও প্রীতি মিলনী’র আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা। এসময় উপস্থিত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় হল শিবিরের নেতাকর্মীরা।


শনিবার (১৫ আগস্ট) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ হলের ডাইনিং কক্ষে এ আয়োজন করা হয়। এতে হলের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, জাবি শাখা শিবিরের প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান, ছাত্রকল্যাণ সম্পাদক শফিউজ্জামান শাহীন, সাহিত্য, প্রকাশনা ও স্পোর্টস সম্পাদক মো. মাহাদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি সামষ্টিক ভোজের আয়োজন করা হয়। এ সময় নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আয়োজকরা।


শাখা শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, “নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা আনন্দময় ও স্মরণীয় করে তুলতেই আমাদের এ আয়োজন। আমরা চাই, নবীনরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”



জাবি শিবিরের প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান বলেন, “একসময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও হয়রানির করা হত। আমরা চাই না, বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সংস্কৃতি আর ফিরে আসুক। নবীন শিক্ষার্থীরা যেন নিরাপদ, সুন্দর ও ভয়মুক্ত পরিবেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। তাদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে থাকতে চাই।”


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা। পরে অংশগ্রহণকারীরা সামষ্টিক ভোজে অংশ নেন।