নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আমির হোসেন সরকার (৩০) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা দেড়টায় আলোকবালী গ্রামে তার নিজ বাড়ি উত্তরপাড়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মো: আমির হোসেন সরকার আলোকবালী গ্রামের উত্তর পাড়ার আব্দুল হক সরকারের ছেলে। ছাত্রজীবনে নিহত আমির হোসেন সরকার আলোকবালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। গত ইউপি নির্বাচনে তিনি আলোকবালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন। ৫ আগষ্টের পট পরিবর্তনের পর থেকে তিনি এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করতেন। গত সোমবার তার বড় ভাই প্রবাস থেকে বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে আমির হোসেন সরকার তার বড় ভাইকে দেখতে বাড়িতে আসেন। বাড়িতে আসার খবরটি জানতে পেয়ে দুর্বৃত্তরা তার বাড়িতে গিয়ে প্রকাশ্য দিবালকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্বজনরা আহত‘১ মোঃ আমির হোসেন সরকারকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, আলোকবালী গ্রামের এই ঘটনার খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত সামিউল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর বিষয়টি আমি পরে হাসপাতালের মাধ্যমে জানতে পেরেছি।