ধান চাল ক্রয়ের উদ্বোধন
কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। কাজিপুর খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি স্থানীয় মেঘাই খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।
প্রশিক্ষণ প্রদান
বাগেরহাট জেলা সংবাদদাতা : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাগেরহাট সদর উপজেলার উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।
পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে আমানতুল্লাহ্ ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতররণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়াস্থ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।
সমন্বয় সভা
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির তৃতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ব্র্যাক মণিরামপুর শাখার প্রশিক্ষণ কক্ষে প্রাকটিক্যাল ট্রেইনার এবং থিওরিটিক্যাল ট্রেইনারের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ প্রকল্প বর্ষের দ্বিতীয় ফেজে ৩০ জন মাস্টার ক্রাফট পার্সন (এমসিপি) এবং ৫ জন ট্রেড ভিত্তিক টেকনিক্যাল ট্রেইনার (টিটি) অংশগ্রহণ করেন।
সংবর্ধনা ও বৃত্তি প্রদান
চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ মে সকালে চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, আল আমিন মডেল মাদ্রাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এতো স্বল্প পরিসরে এতোবেশি শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। কুরআনের সুর এমন একটি মধুর সুর, যা কিনা পৃথিবীর আর কোনো সুরের সাথে তুলনা হয়না। কুরআন যখন তেলাওয়াত করা হয় তখন কুরআনের সুরা যেন মধুর সুরে প্রভাবিত করে।