আমতলী (বরগুনা) সংবাদদাতা : সিন্ডিকেট গড়ে তরমুজ ক্ষেত থেকে অতিরিক্ত পরিবহন ভাড়া তরমুজ প্রতি তিন টাকা আদায় করছেন সবুজ খাঁন ও তোফা মৃধা নামের দুই যুবদল নেতা। আরেক যুবদল সমর্থক ইসরাফিল মোল্লা এর প্রতিবাদ করায় তাকে যুবদল নেতা সবুজ খাঁনের লোকজন মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে বুধবার রাত ১১ টার দিকে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পূর্ব সোনাখালী গ্রামে।
জানা গেছে, উপজেলার পূর্ব সোনাখালী গ্রামে এক’শ ২৫ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছেন স্থানীয় কৃষকরা। ওই জমিতে ৫ হাজার মেট্রিক টন তরমুজ উৎপাদন হবে বলে দাবী করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাসেল। গত ২৮ মার্চ খেত থেকে ওই তরমুজ কাটা শুরু হয়। ওই তরমুজ ক্ষেত থেকে পরিবহনে মূল সড়কে আনতে ইব্রাহিম বাদশা দুটি মাহেন্দ্র গাড়ী ভাড়া আনেন। ব্যবসায়ীদের সঙ্গে তার ক্ষেত থেকে তরমুজ প্রতি ৫ টাকা পরিবহন ভাড়ার চুক্তি হয়। কিন্তু আঠারোগাছিয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ খাঁন ও তার সহযোগী তোফা মৃধা ডিন্ডিকেট গড়ে ওই তরমুজের পরিবহন ভাড়া তিন টাকা বাড়িয়ে ৮ টাকা আদায় করেছেন। তাদের চাহিত তরমুজ প্রতি তিন টাকা বাড়তি না দিলে ক্ষেত থেকে ব্যবসায়ীদের তরমুজ নিতে দেন না - এমন অভিযোগ ব্যবসায়ীদের। যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ খাঁন ও তোফা মৃধার এমন ডিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করেন আরেক যুবদল সমর্থক ইসরাফিল মোল্লা। এ নিয়ে সবুজ খাঁনের সহযোগী সিদ্দিকুর রহমান খাঁনের সঙ্গে গত ২৯ মার্চ যুবদল নেতা ইসরাফিল মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায় সবুজ খাঁনের সহযোগী সিদ্দিকুর রহমান খাঁন, মিরাজ খাঁন ও নিজাম খাঁন তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে বুধবার রাতে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে ১২ জন আহত হয়। গুরুতর আহত কাইয়ুম মোল্লা, সোহাগ মোল্লা, নিজাম খাঁন, রাকিব খাঁন ও খোরশেদ খাঁনকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। অপর আহত হাসেম মোল্লা, বশির মোল্লা, ইসরাফিল মোল্লা, আলামিন মোল্লা, কবির মোল্লা ও সিদ্দিকুর রহমান খাঁনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে গাজীপুর ফাড়ির পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।