বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ ও যাকাতের মধ্যে সীমাবদ্ধ কোনো ধর্ম নয়; ইসলাম মানুষের পূর্ণাঙ্গ জীবনবিধান। তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের ইসলামী জ্ঞান অর্জন ও বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের জন্য দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্রশিবির শুধু প্রচলিত রাজনৈতিক ছাত্রসংগঠন নয়, বরং জ্ঞান, চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির একটি প্রতিষ্ঠান।

সোমবার (১৭ আগস্ট) সকালে যশোর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'জাহেলি আঁধার পেরিয়ে এসেছে দিন বদলের বাঁক, পৃথিবী আবার গড়তেই হবে নয়া আজাদির ডাক’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর শহর শাখার সভাপতি উবাইদুল্লাহ হুসাইন। সঞ্চালনা করেন যশোর শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিল।

প্রধান অতিথি বলেন, কোরআন শুধু ঘরে তুলে রাখার কিংবা বিশেষ সময়ে তিলাওয়াত করার জন্য নয়। কোরআন মানুষের জীবন পরিচালনার পথনির্দেশ। তাই তরুণদের নিয়মিত কোরআন অধ্যয়ন, ইসলামী জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, ব্যক্তিজীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনসহ প্রতিটি ক্ষেত্রে ইসলামের নৈতিক ও মানবিক শিক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, যুগে যুগে নবী-রাসূলগণ মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং ভ্রান্ত ও অন্যায় পথ থেকে দূরে থাকার শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ (সা.) ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়ে নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হলেও আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে কর্মীদের দৃঢ়তা, ধৈর্য ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে ইসলামী জ্ঞান অর্জন ও বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্ববোধ সৃষ্টি করা। শুধু কথা বা স্লোগানে নয়, নিজেদের চরিত্র ও আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।

প্রধান মেহমানের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূল বলেন, একটি দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই তরুণদের জ্ঞান, নৈতিকতা, সততা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, অন্যায়, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে নিজেদের গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ড. জায়েদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, নৈতিক ও মানবিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠন এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক প্রভাষক মনিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে তরুণ সমাজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় সত্য, ন্যায় ও নৈতিকতার পথে তরুণদের পরিচালিত করতে সঠিক জ্ঞান ও আদর্শিক শিক্ষার প্রয়োজন। তিনি ছাত্রশিবিরের কর্মীদের নিজেদের যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উবাইদুল্লাহ হুসাইন বলেন, দেশ ও সমাজের পরিবর্তনের জন্য আদর্শবান, সৎ ও দক্ষ তরুণ নেতৃত্ব প্রয়োজন। ইসলামী ছাত্রশিবির সেই নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের নেতাকর্মীদের জ্ঞান অর্জন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশের পাশাপাশি ছাত্রসমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মিনারুল ইসলাম। সঞ্চলন করেন,যশোর শহর শাখার সেক্রেটারি খালিদ ইবনে খলিল কর্মী সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের যশোর শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।