গাজীপুরের টঙ্গী এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ছয়টি যানবাহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে শব্দদূষণকারী নয়টি হর্ন জব্দ করা হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে টঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং শব্দদূষণকারী হর্ন ব্যবহারের দায়ে ছয়টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব যানবাহনের চালক বা সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি শব্দদূষণে ব্যবহৃত নয়টি হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।
অভিযান পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগর এলাকায় অতিরিক্ত হর্ন ও উচ্চ শব্দের কারণে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ কারণে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ও আইন প্রয়োগের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন ও বিধিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে চালক ও যানবাহন মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।