স্টাফ রিপোর্টার, গাজীপুর: নেপালের পোখারায় অনুষ্ঠিত RTSTI-2025 আন্তর্জাতিক সম্মেলন এবং MAGENDA প্রকল্পের উদ্বোধনী সভায় যোগদান শেষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ প্রতিনিধি দল আজ দেশে ফিরে এসেছেন।
১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী "বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সাম্প্রতিক প্রবণতা (RTSTI-2025)" শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি সম্মেলনে "দূরশিক্ষণের মাধ্যমে আঞ্চলিক উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে অংশীদারিত্বের ভূমিকা" শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অংশীদারিত্বের মাধ্যমে দূরশিক্ষার উন্নয়ন আঞ্চলিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। MOOCs ও উন্মুক্ত শিক্ষামূলক সম্পদের (OER) মাধ্যমে ভৌগোলিক ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করে শিক্ষাকে আরও প্রসারিত করা সম্ভব। এছাড়া, তিনি COVID-19 মহামারির শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সম্মেলনে বাউবির প্রতিনিধি দলের অন্য সদস্যরা বিভিন্ন গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এর মধ্যে আইকিউএসি’র পরিচালক ও কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়া, ওপেন স্কুলের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও ড. মো. মিজানুর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।
এছাড়া, ১৬ ও ১৭ মার্চ নেপালের পোখারা বিশ্ববিদ্যালয়ে "একাডেমিয়া জেন্ডার ইকুয়ালিটি মূলধারাকরণ (MAGENDA) প্রকল্পের" উদ্বোধনী সভায়ও অংশ নেন বাউবির প্রতিনিধি দল।
সম্মেলন ও সভায় সফলভাবে অংশগ্রহণ শেষে প্রতিনিধি দল আজ দেশে ফিরেছেন।