মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে শিশুকন্যাসহ এক মা আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেছেন।
আজ বুধবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে খবর আসে যে, কলেজ ভবনের নবম তলায় একটি লিফটে মা ও তাঁর শিশুকন্যা আটকা পড়েছেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁর নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করে। অল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন হলেন শিশু মরিয়ম হাসনাইন আরিফা (২) এবং তাঁর মা লামিয়া আক্তার মিম (২৪)। তিনি সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। ক্লাস শেষে শিশুকন্যাকে নিয়ে লিফটে নিচে নামার সময় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে যায়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ও দক্ষতার সঙ্গে অভিযান চালিয়ে মা ও শিশুকন্যাকে নিরাপদে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সময়োপযোগী পদক্ষেপের কারণে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া মা ও শিশুকন্যা বর্তমানে সুস্থ রয়েছেন।