গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজারের পানি নিষ্কাশনের ড্রেন যেন ময়লা ফেলার ভাগাড়! দীর্ঘদিন ড্রেন পরিষ্কারে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের ড্রেন। এর ফলে ড্রেন উপচে সড়কের উপর নিয়ে প্রবাহিত হচ্ছে নোংরা পানি। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাটসহ অনেক দোকান পাট। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। যার দুর্গন্ধে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে। এসব ড্রেন মশার আবাসস্থলে পরিণত হয়েছে। অভিভাবকহীন এই নেজামপুর বাজারের দুর্ভোগ কবে কমবে এনিয়ে দুশ্চিন্তায় আছেন বাজার করতে আসা এলাকাবাসী এবং রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করা স্থানীয় মানুষরা। বর্ষা মৌসুমের আগে এই জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ না নেওয়া হলে এর ভয়াবহতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সরেজমিন ঘুরে জানা যায়, ড্রেনগুলো পলিথিন, ডাবের খোসা, চিপসের প্যাকেট, এমনকি বাসাবাড়ির ময়লা আবর্জনার জন্য বন্ধ হয়ে গেছে এ ড্রেনটি। যার ফলে পানি প্রবাহিত হতে না পারায়, নোংরা পানিতে ভাসছে সড়ক। কাদা ও নোংরা পানি লাগছে এ পথে যাতায়াতকারী শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের পোশাকে।
এমকি চালাচল করতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে দুর্ঘটনা শিকার হচ্ছে। এবিষয়ে জগদল গ্রামের আমিরুল বলেন, ময়লা মাটি পড়ে পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে, অনেক সমস্যার মধ্যে রয়েছে এলাকার মানুষ। এটি দ্রুত পরিষ্কার করা দরকার।
নিওন গ্রামের বাবু আলী বলেন, ড্রেনের পাশে বসবাসরত দোকানদাররা যদি সচেতন হয় তাহলে ড্রেনগুলো বন্ধ হবে না।
হলদীবাড়ী গ্রামের ভ্যানচালক তাইফুর বলেন, এই সরকারি ড্রেনটি ময়লার পড়ে বন্ধ হয়ে যাওয়ায়, রাস্তার উপর দিয়ে পানি চলছে, যার কারণে সড়ক অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনা ঘটছে। আমি এটির দ্রুত পরিষ্কার করার জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করছি। এবিষয়ে নেজামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অসচেতনতা এবং নিয়মিত পরিষ্কারের অভাবে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাধারণ জনগণের স্বার্থে একটি পাবলিক টয়লেটের জন্য জোরালো আবেদনও জানাচ্ছি। বাজার সমিতির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ বলেন, নাচোল উপজেলার অন্যতম প্রাণকেন্দ্র নেজামপুর বাজার। এখানে প্রায় ২৫০টি দোকানপাট রয়েছে। বাজারের মধ্যে দিয়ে পাকা রাস্তা। যার দুই পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য সরকারি ড্রেন রয়েছে। এই ড্রেনগুলো ময়লা মাটি পড়ে ভাগাড়ে পরিণত হয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা এবং জেলা পর্যায়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে স্থানীয় সাধারণ মানুষ এবং বাইরে থেকে আসা মানুষের সুবিধার জন্য একটি পাবলিক টয়লেটের ব্যবস্থার জন্য আকুল আবেদন করছি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আমিনুল হক এর সাথে কথা বললে, তিনি বলেন, এসমস্যাগুলো যারা বাজার কমিটিতে আছেন, তারা লেবার দিয়ে পরিষ্কার করলেই তো পারে।
এবিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব বর্জ্য পরিষ্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তারা ব্যবস্থা নিবে।