গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, তামাকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ধূমপান ও তামাকজাত পণ্য সেবনের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় তামাকজাত পণ্যের বিক্রয় ও সেবন নিরুৎসাহিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।