ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের সহায়তায় দেশটির সরকারকে ১০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি হস্তান্তরের সময় এ সহায়তার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হয়েছে। উত্তর নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তা করতেই এ অর্থ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে এর আগে আনুষ্ঠানিকভাবে শোক ও সমবেদনাও জানানো হয়। গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ ছাড়া গত ২৭ আগস্ট নেপালের বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

দুর্যোগকবলিত নেপালের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বাংলাদেশের এই আর্থিক সহায়তা দেশটির চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।