শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে জামাল হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘনাটি ঘটেছে ঈদের দিন রোববার রাত ১০ টার দিকে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামে। শার্শা থানা পুলিশ খবর পেয়ে ঐ রাতেই ইছাপুর ইট ভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে। এঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় জাহিদ হাসান নামে এক জনকে আটক করেছে পুলিশ।

শার্শা থানা পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা টু সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের ইট ভাটার পাশে একটি এ্যাপাসি ফোরভি কালো রংয়ের মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, নিহত জামাল মাদক চোরাচালানের সাথে জড়িত এবং সে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করত। এদিন নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিলো বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক ঘটনা জানা যাবে। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান তিনি।