লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ শিকার করে তা বিক্রি করতে নিয়ে যাওয়ার সময়ে একটি পিকআপ গাড়ির চালক ও মাছের ব্যাপারিসহ ৫ জনকে আটক করে পুলিশ।
সম্প্রতি মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আটককৃত ৫ জনকে আসামী করে কমলনগর থানায় মামলা দায়ের হয়েছে।
পরে দুপুরে আসামীদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীরা হলো কমলনগর উপজেলা পাটোয়ারীহাট এলাকার শামসুদ্দিন বেপারির ছেলে মো. মান্নান (২৮) একই এলাকার নুর নবীর ছেলে মো. আলাউদ্দিন (১৯), চর ফলকন এলাকার মাইন উদ্দিনের ছেলে মো. কামরুল (২২), ওই এলাকার মিজি বাড়ির আজাদের ছেলে ইসমাইল (১৯) ও ছগির আহাম্মদের ছেলে মো. শাকিব (২০)। মামলার বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে মাছ ভর্তি একটি ফিকআপ গাড়ি চালকসহ চারজন মাছ বেপারিকে আটক করা হয়েছে। মাছ ক্রয় এব পরিবহনের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পরবর্তী তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাছগুলো নিলামের মাধ্যমে ৬৪ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়েছে। টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পিকআপ গাড়িটি থানা হেফাজতে জব্দ থাকবে বলে জানান তিনি। ইলিশের প্রজনন মওসুমের (মার্চ এপ্রিল) এ দুই মাস মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা পরিবহন ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এরইমধ্যে একশ্রেণির অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করছে। ঐমাছ ক্রয় করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময়ে তাদেরকে আটক করা হয়।