মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নারী অগ্রযাত্রা : শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, নারী-পুরুষ বৈষম্য দূরীকরণে নারীদেরকে আরো শিক্ষায় অগ্রগতি অর্জন করতে হবে। তিনি বলেন বিএনপি সরকার মেয়েদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের গার্মেন্টস থেকে যে রেমিটেন্স আসে তাও এই নারীদেরই অবদান। নারীদেরকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন, মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: সাজেদা বেগম। আরো বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান টিপু, মুন্সিগঞ্জ জেলা কমান্ডার বিউটি বেগম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার, ছাত্রীদের মধ্যে শাফা মারওয়া, নুরুন্নাহার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের সকলকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
প্রতিমন্ত্রী দাবি করেন, শেখ হাসিনা ও আরও কয়েকজনের বিচার সম্পন্ন হয়েছে এবং আদালত তাদের সাজা দিয়েছেন। বর্তমানে তারা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় শুরু হওয়া প্রত্যর্পণ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং সব ধরনের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার লক্ষ্যে সরকার কাজ করছে।