স্টাফ রিপোর্টার

আজ ১লা সেপ্টেম্বর, মঙ্গলবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক দর্শন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তনের লক্ষ্যে এই দল গঠন করেন। শুরুতে এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল এবং বিচারপতি আবদুস সাত্তার এর প্রথম পুনর্গঠিত প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। উদ্দেশ্য- বাংলাদেশী জাতীয়তাবাদকে ভিত্তি করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনা।

এমন এক সময় বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে; যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে ক্ষমতার মসনদে। ইতিমধ্যে সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। দলের পক্ষ থেকে এবার ঘনঘটা করেই নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণœ রেখে বিএনপির প্রতিটি নেতাকর্মী, সমর্থক ও শুভার্থী দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।

এর আগে আওয়ামী লীগের ১৭ বছরের শাসনাামলে (২০০৯-২০২৪) বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক রাজনৈতিক দমন-পীড়ন, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে দলটি। বিএনপির দলীয় তথ্য ও বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, এই দীর্ঘ সময়ে বিরোধী দলকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতে বহুমুখী কৌশল ব্যবহার করা হয়েছিল। বিপুলসংখ্যক গায়েবি মামলা দেওয়া হয়। ২০০৯ থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে ১ লক্ষ ৪১ হাজারের বেশি মামলা করা হয়। এসব মামলায় ৪৯ লক্ষ ২৬ হাজার ৪৯২ জনেরও বেশি নেতাকর্মীকে আসামী করা হয়।

আওয়ামী লীগের ১৭ বছরে বিএনপির মোট ১ হাজার ৫৭৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। দলটির পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে ৭৯৯ জন নেতাকর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে বা হেফাজতে থাকাকালীন প্রাণ হারান।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা দিয়ে বছরের পর বছর কারাবন্দী ও পরবর্তীতে গৃহবন্দী করে রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ একাধিক মামলায় সাজা দেওয়া হয়, যার কারণে তিনি দীর্ঘ সময় ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটান।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৯টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ এতে অংশগ্রহণ করবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পোস্টার প্রকাশ করা হবে। এছাড়া বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। অনুরূপভাবে সারাদেশে জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুবিধাজনক সময়ে আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি পালন করবে।