ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে হৃদয় (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামের আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের ধলেশ্বরী-১ সেতুর ঢালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয়ের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুরের রসুলপুর গ্রামে। তিনি মৃত সায়েদ মিয়ার ছেলে। আহত সাজ্জাদের বাড়ি সিরাজদীখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকায়। তিনি রবিউল আউয়ালের ছেলে।
সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা অভিমুখী কুচিয়ামোড়া সেতুর ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তিনি বলেন, আহত সাজ্জাদকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হৃদয়ের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।