গাজীপুরের কাশিমপুরে মর্মান্তিক এক ঘটনায় স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। রোববার (২৩ মার্চ) সকালে কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকার একটি বাড়ির কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) এবং তাদের চার বছরের মেয়ে নাদিয়া আক্তার। নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের বাসিন্দা। তিনি কোনো কাজ করতেন না এবং মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল ইসলাম স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল, প্রায়ই ঝগড়া হত তাদের মধ্যে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তারা ঘুমাতে যান। কিন্তু সকালে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরের পেছনের জানালা দিয়ে দেখতে পান নাজমুলের লাশ ঝুলে আছে। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান খাদিজা ও নাদিয়া নিথর দেহ পড়ে আছে বিছানায়।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।