চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফাহিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিমা আক্তার দক্ষিণ লুধুয়া গ্রামের সায়েদ আলী কারির মেয়ে এবং ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিমা মোবাইল ফোনে টিকটক করত। তার ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ার পর সে পরিবারের কাছে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করে। পরিবারের পক্ষ থেকে পরে কিনে দেওয়ার কথা জানানো হয়। এরই মধ্যে রাতে নিজ শয়নকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোনো অভিযুক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।