আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। খবর শুনে প্রেমিক বিষপান করেছে। অবস্থা আশঙ্কজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী ২ সন্তানের জননী মনিরা খাতুন(২৪) শুক্রবার রাতে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে। জানা যায় তার সাথে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের কথা জেনে আল-আমিনের মা ছেলেকে বললেও আল-আমিন বিশ্বাস করত না। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় মনিরা প্রেমিকের সাথে ঈদের বাজার করতে গেছে জানতে পেরে ছেলেকে বলেন। শাশুড়ি ও স্বামীর এ নিয়ে বউয়ের সাথে কথা কাটাকাটি হয়। এদিন রাতে সকলের অজান্তে গলায় ফাঁস লাগিয়ে মনিরা আত্মহত্যা করে বলে জানা গেছে। খবর শুনে প্রেমিক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে এলাকার ব্যাপক আলোচনা চলছে। বাড়ির লোকজন তাকে দ্রুত আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে নিহত মনিরার স্বামী জানান, আমার স্ত্রী শাহ আলমের সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে তোলে। গতকাল তারা দুজন বুধহাটা থেকে ঈদের কাপড়-চোপড় কিনে বাড়ি ফিরলে তাকে জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্টমোর্টেমের জন্য মনিরার মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় এই সংক্রান্ত ৯ (২৯) ৩ নং একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।