চট্টগ্রামে পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
নগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় আটক করা হয়েছে চারজনকে। থেমে থেমে চলা এ সংঘাত থামে দুপুর আড়াইটার দিকে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যাটারিচালতি রিকশার বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে সকালে সিঅ্যান্ডবি এলাকায় জড়ো হয়ে চালকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন।
পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছু সময় সংঘাত চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরাও সেখানে উপস্থিত হন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে।