নাজমুল হোসেন, বীরগঞ্জ সংবাদদাতা : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ঈদুল ফিতরের ছুটিতেও কেনাকাটার ধুম পড়েছে। উপজেলার প্রধান বিপণিবিতানগুলোর মতো ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, ঈদের দিন ঘনিয়ে এলেও কেনাকাটার জোয়ার কমেনি বরং আরও বেড়েছে। ফলে বিক্রি নিয়ে ব্যবসায়ীরা দারুণ খুশি। ঈদের আনন্দকে সঙ্গী করে প্রতিটি মানুষ পছন্দের পোশাক ও উপহার কিনতে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার এই ফুটপাতে হরেক রকমের পণ্য কিনছেন ক্রেতারা। কী নেই এখানে! শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পায়জামা, শিশুদের পোশাক, লুঙ্গি, থ্রি-পিস সবই মেলে। মাত্র ৩০০ থেকে ৫০০ টাকায় জিন্স-গ্যাবাডিং প্যান্ট, ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের শার্ট পাওয়া যায়। পাঞ্জাবি মিলে ৩০০ থেকে ১০০০ টাকায়। ৬০ থেকে ২০০ টাকায় পাওয়া যায় রঙ-বেরঙের টি-শার্ট।

উপজেলার মাহাবুব মার্কেটের পাশের ফুটপাত মার্কেটে সবচেয়ে বেশি ক্রেতার দেখা মেলে শিশুদের দোকানগুলোতে। সরেজমিনে ছেলে ও মেয়ে শিশু উভয়ের পোশাকের দোকানগুলোতেই বেশ ভিড় দেখা যায়। মাত্র ৩০০ টাকা থেকে ১০০০ টাকায় পাওয়া যায় মেয়ে শিশুদের জামা।

সুজালপুর ইউনিয়ন থেকে আসা ক্রেতা আব্দুল মতিন বলেন, তুলনামূলক দাম কম আছে। ৩০০ টাকা করে দুই মেয়ের জন্য দুটি জামা কিনেছি। দেখতে সুন্দর। মেয়েগুলো খুব খুশি হবে। এখন মেয়ের মার জন্য কিনলেই কেনাকাটা শেষ। নিজের জন্য শেষ দিকে কিনে নেব।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, ঈদের সময় বীরগঞ্জের মার্কেট ও বিপণি বিতান এবং ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটার চাপ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বীরগঞ্জ থানা পুলিশের নজরদারি জোরদার করেছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তৎপর রয়েছি।