চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে ইতালি প্রবাসী আমিনুল ইসলামের ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করছে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ ও তার স্বজনরা। ভুক্তভোগী আমিনুল ইসলামের পিতা নুর আহাম্মদ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরআগে ২০২১ সালে আ’লীগ সমর্থিত সাবেক পৌর কাউন্সিলর কাজী বাবুলও কিছু জায়গা দখলে নেয়। অভিযোগে উল্লেখ করা হয়, গোমারবাড়ী গ্রামের নুর আহাম্মদের ছেলে ইতালি প্রবাসী আমিনুল ইসলাম ২০০৯ ও ২০১০ সালে চৌদ্দগ্রাম বাজারস্থ চাঁন্দিশকরা মৌজার বিএস-৭৮৮ ও ৯৪৮নং খতিয়ানে ২০.১৮ শতক ভূমি ক্রয় করে। গত বুধবার পৌর এলকার শ্রীপুর গ্রামের খাঁ বাড়ির পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার খাঁর নেতৃত্বে তার ভাই জসিম উদ্দিন আহমেদ খাঁ ও ভাতিজা ফুয়াদ আহমেদ খাঁসহ অজ্ঞাতানামা কয়েকজন লোক জায়গাটি ভরাট করে জোরপূর্বক টিনসেড ঘর নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে আমিনুল ইসলামের পিতা নূর আহাম্মদ সেখানে গিয়ে কাজে বাধা দেয়। স্থানীয় গণ্যমান্য লোকজনের নিষেধের কারণে দখল চেষ্টাকারীরা কাজ বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে শনিবার সকালে একই কায়দায় হাসান শাহরিয়ার খাঁ গং পুনরায় ওই জায়গায় সেমি পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে প্রবাসীর পিতা স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে বাধা দেয়।