মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন নেতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।

বুধবার (৫ আগস্ট) বিকেলে সিরাজদিখান প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এম. হায়দার আলী। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হায়দার আলী বলেন, গত ৪ আগস্ট লতব্দী এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে তাঁর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমানের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁদের রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে আইন এবং দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) লতব্দী এলাকায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা বিএনপির তিন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। তবে সংবাদ সম্মেলনে হায়দার আলী এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।