স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের সূচনায় গাজীপুরের শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান, ব্রিতে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বাদ জোহর ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহিদদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহিদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রি কর্তৃপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কৃষি গবেষণা, উদ্ভাবন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রি ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।