স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গাজীপুরের অবদান আরও একবার উঠে এসেছে 'অর্থনৈতিক শুমারি-২০২৪: ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে'। শুমারির তথ্য অনুযায়ী, বর্তমানে অর্থনৈতিক শুমারি-২০২৪ অনুযায়ী, গাজীপুরে বর্তমানে ৩ লাখ ৯৪ হাজার ব্যবসা ও সেবামূলক অর্থনৈতিক প্রতিষ্ঠান (ইকোনমিক ইউনিট) পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ২৫ লাখ ৩০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির।

সেমিনারে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, গাজীপুরের শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), উৎপাদনমুখী প্রতিষ্ঠান এবং সেবা খাতের ধারাবাহিক সম্প্রসারণের ফলে জেলায় কর্মসংস্থানের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক পরিকল্পনা, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন কৌশল প্রণয়নে এই শুমারির তথ্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের বাস্তব অর্থনৈতিক চিত্র উঠে আসে, যা উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শুধু বড় শিল্পপ্রতিষ্ঠান নয়, পাড়া-মহল্লার ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্প ও অনানুষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডকেও শুমারির আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে জরিপে সহজ ও বোধগম্য ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, শিল্পকারখানার ব্যাপক বিস্তার, শক্তিশালী এসএমই খাত এবং বিপুল কর্মসংস্থানের কারণে গাজীপুর আজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং উপপরিচালক জেলা পরিসংখ্যান অফিস মাহনুমা খানম।

এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারি-২০২৪-এর নির্ভরযোগ্য তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা পালন করবে।