নগরবাসীর প্রত্যাশিত সেবা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া, উন্নয়নকাজের গতি বাড়ানো এবং সিটি কর্পোরেশনের দাপ্তরিক কার্যক্রমে আরও কার্যকর সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) গাজীপুর সিটি কর্পোরেশনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নাগরিকসেবা, দাপ্তরিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা এবং নাগরিকদের ভোগান্তি কমাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, বিদ্যমান সমস্যা, অগ্রগতি ও সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও ড্রেনেজ উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলোর কার্যকর তদারকির বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, 'সিটি কর্পোরেশনের প্রতিটি কার্যক্রমের কেন্দ্রবিন্দু হচ্ছে নগরবাসী। নাগরিকরা যেন দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পান, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। উন্নয়নকাজের গতি বাড়ানোর পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করতে হবে।'

তিনি আরও বলেন, 'গাজীপুর একটি দ্রুত বিকাশমান মহানগর। জনসংখ্যা ও নাগরিকসেবার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এ বাস্তবতায় আমাদের সেবাব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে হবে। নাগরিকদের আস্থা অর্জনই হবে আমাদের কাজের সবচেয়ে বড় সাফল্য।'

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, 'নগরবাসীকে সর্বোচ্চ মানের নাগরিকসেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার মাধ্যমে কোথাও কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।'

তিনি বলেন, 'আমাদের লক্ষ্য শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রকল্পের সুফল যেন সরাসরি নগরবাসীর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা। নাগরিকদের অভিযোগ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সেবার সময় কমিয়ে আনা, দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় গাজীপুর সিটি কর্পোরেশনের সেবাব্যবস্থাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে।'

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, 'কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের পাশাপাশি নাগরিকদের সহযোগিতা থাকলে গাজীপুরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, পরিকল্পিত ও বসবাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যেই আমরা সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি।'

সভায় প্রশাসক কর্মকর্তাদের চলমান প্রকল্পগুলো নিয়মিত তদারকি, দাপ্তরিক কাজে শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম ছাড়াও, প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশিদ, মোঃ লেহাজ উদ্দিন, আশরাফ হোসেন, সহকারী তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নাগরিকসেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা।