হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় ফয়সাল মুনতাসির (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু তুষার আবদুল্লাহ গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাটহাজারী পৌরসভার বড়ুয়া পাড়ায় নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে।
নিহত মুনতাসির উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হেদায়েত আলী বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে। আহত তুষার ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুনতাসির পৌরসভার এগারো মাইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। ঘটনার রাতে তিনি বন্ধু তুষারকে সঙ্গে নিয়ে সমিতিরহাট এলাকায় এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ফেরার পথে বড়ুয়া পাড়া এলাকায় পৌঁছালে নাজিরহাটমুখী একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।