শিক্ষক সংকট মোকাবিলায় বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল গঠনের নীতিমালা অনুমোদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিশেষজ্ঞদের এ পুলে অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে অধিভুক্ত কলেজগুলোতে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১০৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশন অনুমোদনসহ শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মজীবনকে আরও সময়োপযোগী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ ৩৪ বছর পর বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় স্নাতক (সম্মান) কোর্সের ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় আরও একবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে সিজিপিএ ২.২৫-এর কম পাওয়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাবও বিবেচনা করা হয়।

শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে স্কিল-বেইজড পিজিডি প্রোগ্রামে ফ্রিল্যান্সিং-গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং ও ওয়েব ডিজাইন, কালিনারি সায়েন্স (শেফ) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রোগ্রামের দ্বিতীয় বর্ষে ৪ ক্রেডিটের অ্যাপ্লাইড আইসিটি এবং প্রথম বর্ষে ফাংশনাল ইংরেজি কোর্স চালুর সিলেবাস ও রেগুলেশন অনুমোদন করা হয়।

বিসিএসসহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ৩ বছর মেয়াদি ডিগ্রি (পাস) ও ১ বছর মেয়াদি মাস্টার্স (প্রিলিমিনারি) কোর্সের সনদকে ৪ বছর মেয়াদি ডিগ্রির সমতুল্য করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) কোর্সের অধিভুক্তি রেগুলেশনও অনুমোদন করা হয়েছে।

ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ বলেন, 'আমাদের প্রতিটি একাডেমিক সিদ্ধান্তের মূল লক্ষ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ। একজন শিক্ষার্থী যেন পড়াশোনা শেষ করে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করতে পারেন, আমরা সেই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছি। অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক ও বিভিন্ন বিষয়ের দক্ষ বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতেই বিষয়ভিত্তিক শিক্ষক পুল গঠন করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'শুধু প্রচলিত ডিগ্রি যথেষ্ট নয়; শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে সরাসরি ব্যবহারযোগ্য দক্ষতা অর্জন করতে হবে। একাডেমিক শিক্ষার সঙ্গে দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে।'

সভায় প্রো-ভিসি প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, ডিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষসহ একাডেমিক কাউন্সিলের ৪৩ জন সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বর্ষের পরীক্ষার ফলাফল, শৃঙ্খলা কমিটির সুপারিশ ও নতুন কারিকুলাম অনুমোদনসহ ১০২তম একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণীও অনুমোদন করা হয়।